মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-সিলেট মহাসড়কে পুলিশের পোশাকে ডাকাতি

মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের ইউনিফর্ম পরিহিত একদল ডাকাত কুলাউড়া উপজেলার এক আমেরিকা প্রবাসীর পরিবারকে জিম্মি করে হীরার আংটি, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামের আমেরিকা প্রবাসী জুনেল আহমদ এ ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামের বাসিন্দা ও নতুন কুঁড়ি ক্লাবের সদস্য জুনেল আহমদ কয়েকদিন আগে পরিবারসহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে গিয়েছিলেন। মঙ্গলবার মধ্যরাতে সিলেট থেকে আঞ্চলিক মহাসড়ক হয়ে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জ থানাধীন কালাকাটি মোড় এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি তাদের বহনকারী গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করে তল্লাশির কথা জানায় এবং গাড়ি থামাতে বাধ্য করে। একপর্যায়ে দুর্বৃত্তরা চালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে হীরার আংটি, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
"







































