নিজস্ব প্রতিবেদক
স্বাভাবিক মৃত্যুতে মামলা জুলাইযোদ্ধাদের হয়রানি

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় শীলা বেগম এক বৃদ্ধা নারীর মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রিয়াজকে হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইব্রাহিম খলিল ও মো. রিয়াজকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর। গত ২৫ মে ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে রাত ১১টার দিকে কালা মোতালেব নামে এক ব্যক্তি পাখি নামে এক নারীকে হেনস্তা করেন। এ ঘটনার জেরে পাখির আত্মীয়-স্বজনরা মোতালেবকে মারধর করলে তিনি আহত হন।
ইব্রাহিম খলিল ও রিয়াজ জানান, ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে তারা জানতে পারেন মোতালেবকে আওয়ামী লীগের কিছু লোক মারধর করেছে। পরে উভয়পক্ষ চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলে দুই পক্ষেরই তারা সেখানে গিয়ে খোঁজখবর নেন। পরবর্তী সময়ে উভয়পক্ষ থানায় অভিযোগ দিলেও পাখি বা নার্গিসের করা প্রাথমিক অভিযোগে যুবদল নেতা ইব্রাহিম খলিল ও রিয়াজের নাম ছিল না।
তারা আরো বলেন, ঘটনার চার দিন পর ২৪ মে পাখির মা শীলা বেগম (৮০) মারা যান। দীর্ঘ তিন থেকে চার বছর ধরে তিনি কিডনি জটিলতা, হৃদরোগ ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বৃদ্ধা নারীর মৃত্যুর পর পরিকল্পিতভাবে যুবদল নেতা ইব্রাহিম খলিল ও রিয়াজের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, শীলা বেগমের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত ঘটনা উঠে আসবে। তবে এ বিষয়ে মামলার বাদী বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
"









































