বিনোদন প্রতিবেদক
চলে গেলেন চলচ্চিত্রসংসদ আন্দোলনের স্বেমি

চলে গেলেন বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠকর্মী ও সংগঠক, প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার স্বেমি। তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতিও ছিলেন। গত বুধবার রাত পোনে দুইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। গতকাল বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। তিনি জয়দেবপুরে পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে সমাহিত হন।
১৯৫৪ সালের ১৪ এপ্রিলে ঢাকায় জন্মগ্রহণ করেন লাইলুন নাহার স্বেমি। ছাত্রজীবনেই তিনি এ দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হন। তিনি ১৯৬৯ সালে মুহম্মদ খসরুর সম্পাদনায় প্রকাশিত চলচ্চিত্র পত্রিকা ‘ধ্রুপদী’র সহসম্পাদনায় জড়িত ছিলেন। এছাড়াও তিনি ‘চলচ্চিত্রপত্র’সহ অন্যান্য চলচ্চিত্র বিষয়ক প্রকাশনায় লেখক, সম্পাদক হিসেবে অবদান রেখেছেন। বাংলাদেশ চলচ্চিত্র সংসদের অন্যতম জ্যেষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে তিনি বাংলাদেশে গুণগত চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে গত পাঁচ দশক সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৪ সালে তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকাল পর্যন্ত তিনি এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন।
তিনি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম অভিভাবক হিসেবে দেশের চলচ্চিত্রের স্বাধীন পরিসর গড়ে তোলার জন্য লড়াই করেছেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নীতিমালা তৈরি, চলচ্চিত্র সেন্সর ব্যবস্থা বাতিল করে সার্টিফিকেশন আইন প্রণয়ন, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বলিষ্ঠ সংগ্রাম করেছেন।
"









































