বিনোদন প্রতিবেদক
শাফিন আহমেদ স্মরণে গাইবে ৫ ব্যান্ড

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত বছর ২৪ জুলাই জীবনের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাকে উৎসর্গ করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ইকোস অব দ্য লিজেন্ড’। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’তে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের এই কনসার্ট। যেখানে গানে গানে শাফিনকে স্মরণ করবেন তাঁর গানের সহযোদ্ধারা।
এই কনসার্টে শাফিন আহমেদের সাবেক ব্যান্ড ‘মাইলস’ ছাড়াও পারফর্ম করবে ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি। গানের পাশাপাশি এতে প্রদর্শিত হবে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মারক। এ ছাড়া দেখানো হবে তাঁর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি তথ্যচিত্র।
শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তাঁর ফেসবুক পেজের কার্যক্রম। সম্প্রতি এই পেজ থেকে গায়কের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান ও বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এরপরই পেজটি থেকে এই কনসার্টের ঘোষণা আসে।
কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’
জানা গেছে, শাফিন আহমেদের ট্রিবিউট কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে ই-টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম ৩ হাজার টাকা এবং রেগুলার ক্যাটাগরি ১ হাজার ৫০০ টাকা। ভেন্যুতে দর্শকের জন্য সন্ধ্যা ৬টায় গেট খুলে দেওয়া হবে।
"









































