reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করেছেন ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এ সিদ্ধান্ত নিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বীরেন সিংহ রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিতে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছিল। দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন তিনি। এর মধ্যে অনেক বিধায়কই নেতৃত্ব বদলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ অবস্থায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগ করেন বিরেন সিংহ।

পদত্যাগপত্রে বীরেন সিং লিখেছেন, তিনি প্রত্যেক মণিপুরির স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ নিয়েছেন। উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ।

মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে বীরেন তার পদত্যাগপত্রে লিখেছেন, মণিপুরের হাজার হাজার বছরের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সভ্যতার ইতিহাস রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ দমন করতে এবং অবৈধ অভিবাসীদের বিতাড়নের জন্য নীতি প্রণয়ন করা দরকার। একই সঙ্গে মাদক চোরাচালান ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন।

এর আগে শনিবার নিজ সচিবালয়ে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বীরেন সিং। সেখানে আগামীকাল থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশন ও সম্ভাব্য অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সম্ভবত সেখানেই তিনি বুঝে যান, বিধায়কদের বড় একটি অংশ তার নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করবে। এই অনাস্থা প্রস্তাবে বিজেপির আদিবাসী বিধায়কদের সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছিল।

ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বীরেন সিংয়ের সময়কালকে মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে ভারতের সাংবাদিক ও ইতিহাসবিদদের একাংশ। দেড় বছরের বেশি সময় সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়, কুকিসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘর্ষে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন হাজারো মানুষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়