ভারত থেকে আসা ১১ হাজার টন চাল খালাস শুরু

চট্টগ্রাম বন্দরের সাইলো-সংলগ্ন গমের জেটিতে ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের খালাস শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের এটি চতুর্থ চালান। শুক্রবার বিকেল ৪টা থেকে চাল খালাসের কাজ শুরু হয়।
চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পানামার পতাকাবাহী জাহাজ ‘এইচটি ইউনিট’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আজ সকাল ১১টার দিকে সাইলো-সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।
এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দর থেকে এসব চাল লোড করে রওনা হয়। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে বাকি আরো ৩৯ হাজার টন চাল পরে আসবে।
চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপনিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল নিয়ে আসা জাহাজটি আজ সকালে সাইলো-সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।
এর আগে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষ হয়েছে। বিকেল ৪টার দিকে খালাস শুরু হয়। সবকিছু ঠিকটাক থাকলে খালাস শেষ হতে চার দিনের মতো সময় লাগতে পারে বলে তিনি জানান।









































