বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল
দৃষ্টিপাত
ঔষধি উদ্ভিদ প্রাকৃতিক চিকিৎসক

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসের সূচনা ঘটেছিল প্রকৃতির হাত ধরেই। আধুনিক চিকিৎসাব্যবস্থা, গবেষণাগার কিংবা ওষুধশিল্পের বিকাশের বহু আগে মানুষ রোগব্যাধির প্রতিকার খুঁজে পেয়েছিল গাছপালা, লতাগুল্ম, শিকড়, ফুল ও ফলের মধ্যে। প্রকৃতি যেন নিজেই মানুষের জন্য এক বিশাল ওষুধের ভাণ্ডার তৈরি করে রেখেছে। যুগের পর যুগ ধরে এই উদ্ভিদগুলো নীরবে মানুষের কষ্ট লাঘব করেছে, সুস্থতা ফিরিয়ে দিয়েছে এবং চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি গড়ে তুলতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে। ঔষধি উদ্ভিদকে তাই বলা যায়- প্রকৃতির নীরব চিকিৎসক।
প্রযুক্তিনির্ভর আধুনিক পৃথিবীতে চিকিৎসাবিজ্ঞানের ব্যাপক উন্নতি ঘটলেও ঔষধি উদ্ভিদের গুরুত্ব মোটেও কমেনি। বরং আধুনিক গবেষণা নতুন করে প্রমাণ করছে যে প্রকৃতিতে এমন অসংখ্য জৈব-সক্রিয় উপাদান রয়েছে, যা ভবিষ্যতের ওষুধ আবিষ্কারের পথ দেখাতে পারে। এই কারণেই বিশ্বের বিভিন্ন দেশে ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণা, সংরক্ষণ এবং বাণিজ্যিক উৎপাদনের প্রতি আগ্রহ ক্রমাগত বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের বিপুলসংখ্যক মানুষ এখনো প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ভেষজ চিকিৎসার ওপর নির্ভরশীল। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ভেষজ চিকিৎসা অনেক মানুষের জন্য সহজলভ্য ও তুলনামূলকভাবে সাশ্রয়ী স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ থেকেই বোঝা যায়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি ঔষধি উদ্ভিদ আজও বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমাদের বাংলাদেশও ঔষধি উদ্ভিদের দিক থেকে সমৃদ্ধ একটি দেশ। দেশের বনাঞ্চল, পাহাড়ি এলাকা, গ্রামীণ জনপদ এমনকি বাড়ির আঙিনাতেও অবহেলা-অযত্নে নানা প্রতিকূলতায় নানা ধরনের ভেষজ উদ্ভিদ জন্মে। তুলসী, নিম, বাসক, থানকুনি, অ্যালোভেরা, কালমেঘ, অর্জুন, শতমূলী, গুলঞ্চ, আমলকী, বহেরা, হরীতকী, আদা ও হলুদ ইত্যাদি এসব উদ্ভিদ শুধু আমাদের পরিচিতই নয়, প্রজন্ম ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। গ্রামীণ সমাজে এখনো অনেক পরিবার ছোটখাটো অসুস্থতায় এসব উদ্ভিদের ব্যবহার করে থাকে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ ওষুধের উৎসও কিন্তু উদ্ভিদ। ম্যালেরিয়ার চিকিৎসায় বহুল ব্যবহৃত কুইনাইন এসেছে সিনকোনা গাছের বাকল থেকে। ব্যথানাশক অ্যাসপিরিনের আবিষ্কারের ইতিহাসও উদ্ভিদজগতের সঙ্গে সম্পর্কিত। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ নির্দিষ্ট উদ্ভিদ থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদানের ভিত্তিতে তৈরি হয়েছে। অর্থাৎ প্রকৃতি শুধু লোকজ চিকিৎসার নয়, আধুনিক ওষুধশিল্পেরও অন্যতম অনুপ্রেরণা।
আমাদের দৈনন্দিন জীবনেও ঔষধি উদ্ভিদের ব্যবহার কম নয়। হলুদের কারকিউমিন প্রদাহনাশক উপাদান হিসেবে বিশ্বজুড়ে গবেষণার বিষয়। আদা হজমে সহায়ক এবং বমিভাব কমাতে কার্যকর বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তুলসী সর্দি-কাশির ঘরোয়া উপাদান হিসেবে জনপ্রিয়। নিমের পাতা ও তেল পরিচ্ছন্নতা এবং ত্বকের যত্নে ব্যবহৃত হয়। আমলকী ‘ভিটামিন সি’ এর একটি উৎকৃষ্ট উৎস হিসেবে বহুল পরিচিত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি- প্রাকৃতিক হলেই কোনো উপাদান শতভাগ নিরাপদ বা সব রোগের ওষুধ নয়। ভেষজ উপাদানও সঠিক মাত্রা, বৈজ্ঞানিক প্রমাণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা প্রয়োজন। ঔষধি উদ্ভিদের গুরুত্ব শুধু স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ নয়; এর রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনাও। বর্তমানে বিশ্বব্যাপী ভেষজ ওষুধ, প্রাকৃতিক প্রসাধনী এবং হারবাল পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের অনুকূল জলবায়ু, উর্বর মাটি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ঔষধি উদ্ভিদের চাষ ও প্রক্রিয়াজাতকরণ করা গেলে এটি একটি সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত হতে পারে। এতে যেমন কৃষকের আয় বাড়বে, তেমনি দেশীয় ওষুধশিল্পও মানসম্মত কাঁচামাল পাবে।
কিন্তু এই সম্ভাবনার পাশাপাশি উদ্বেগও বিদ্যমান। বন উজাড়, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার এবং নির্বিচারে উদ্ভিদ সংগ্রহের কারণে অনেক মূল্যবান ঔষধি উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। খাদ্য এবং কৃষি সংস্থা বহুবার সতর্ক করেছে যে জীববৈচিত্র্যের ক্ষয় শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যতের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। একটি ঔষধি উদ্ভিদের বিলুপ্তি মানে শুধু একটি গাছের হারানো নয় ; বরং এমন একটি সম্ভাবনাও হারিয়ে যাওয়া, যা হয়তো ভবিষ্যতে কোনো জটিল রোগের কার্যকর প্রতিষেধক আবিষ্কারে সহায়ক হতে পারত। বাংলাদেশেও এই উদ্ভিদসম্পদ সংরক্ষণে আরো কার্যকর উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ জাতীয় হার্বেরিয়াম দীর্ঘদিন ধরে দেশের উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, শনাক্তকরণ এবং গবেষণার কাজ করে আসছে। গবেষকদের মতে, বাংলাদেশের বহু দেশীয় ঔষধি উদ্ভিদ এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণার আওতায় আসেনি। এসব উদ্ভিদের রাসায়নিক উপাদান, কার্যকারিতা এবং সম্ভাবনা নিয়ে আরো গবেষণা করা গেলে দেশীয় ওষুধশিল্পে নতুন দিগন্তের সূচনা হবে।
আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেষজ চিকিৎসা নিয়ে নানা ধরনের অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, একটি নির্দিষ্ট গাছ সব ধরনের রোগ সারাতে সক্ষম। বাস্তবে এমন দাবির অধিকাংশেরই বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং কিছু ভেষজ উপাদান ভুলভাবে ব্যবহার করলে বিষক্রিয়া, অ্যালার্জি কিংবা অন্যান্য ওষুধের সঙ্গে ক্ষতিকর প্রতিক্রিয়া হতে পারে। তাই কুসংস্কার নয়, বিজ্ঞানভিত্তিক গবেষণাই হওয়া উচিত ভেষজ চিকিৎসার ভিত্তি। ঔষধি উদ্ভিদ সংরক্ষণে রাষ্ট্র, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বনাঞ্চল রক্ষা, দেশীয় প্রজাতির সংরক্ষণ, ঔষধি উদ্ভিদের বাণিজ্যিক চাষে কৃষকদের সহায়তা, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে এই খাতকে আরো সমৃদ্ধ করা সম্ভব। পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদবাগান কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ছোট ছোট ঔষধি বাগান গড়ে তোলাও হতে পারে একটি কার্যকর উদ্যোগ। এই নীরব চিকিৎসকদের সংরক্ষণ করা মানে শুধু কিছু গাছ বাঁচানো নয়; বরং মানবজাতির সুস্থ ভবিষ্যৎ, জীববৈচিত্র্যের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের ভিত্তিকে আরো শক্তিশালী করা।
লেখক : শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ
bappaditty.chowdhury2005@gmail
"






































