reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ঘণ্টা আগে

বিসিএস শিক্ষা ক্যাডারে ১৪৫ জনের পদোন্নতি, যোগদান কাল  

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সরকারি কলেজের ১০ম গ্রেডভুক্ত প্রদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, ভূগোলে ৮ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, পরিসংখ্যানে ১ জন, মনোবিজ্ঞানে ২ জন, গণিতে ৩ জন, কম্পিউটার বিষয়ে ১ জন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৩ জন এবং জীববিজ্ঞানে ২ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৭ মে সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদানের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়