রংপুর ব্যুরো
সচেতনতা বাড়িয়ে সামাজিক সমস্যা প্রতিরোধ সম্ভব
মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে সমাজের বিভিন্ন সমস্যা কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। লালমনিরহাটে গতকাল শনিবার বিকেলে এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট : আমাদের অঙ্গীকার’ শীর্ষক নবজাগরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোকিত লালমনিরহাট প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক আন্দোলন, যার মূল লক্ষ্য মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মোবাইল আসক্তি এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। ‘আলোকিত লালমনিরহাট’র স্বপ্ন যদি সারা দেশে বাস্তবায়ন করা যায়, তাহলে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মন্ত্রী বলেন, মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদকের অভিশাপ থেকে দেশকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, কৃষি কার্ড বিতরণ এবং নারী ক্ষমতায়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগ দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন।
"





































