কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
২১ দিনেও মেলেনি দুই মাদরাসা ছাত্রের সন্ধান

দিনাজপুরের কাহারোলে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই মাদরাসাছাত্র। জানা গেছে, গত ৬ জুলাই দুপুরে মাদরাসা থেকে বের হয়ে ওই দুই ছাত্র আর ফেরে আসেনি মাদরাসায়। নিখোঁজ ছাত্ররা হলো- উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকপ্রাণকৃষ্ণ গ্রামের মতিউর রহমানের ছেলে মঈন উদ্দীন (১৪) ও উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ফেরুষা ডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে সিয়াম হোসেন (১৫)। তারা দুজনই কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমিয়্যাহ মাদরাসার ছাত্র। মাদরাসার শিক্ষকরা বলেন, গত ৬ জুলাই ওই দুই ছাত্র দুপুরের বিশ্রামের সময় মাদরাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ ও ছাত্রদের অভিভাবকরা কাহারোল থানায় সাধারণ ডায়েরি করেছে। গতকাল সোমবার সকালে কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিখোঁজ ছাত্ররা কোনো মোবাইল ফোন ব্যবহার করে না। তবে দেশের প্রতিটি থানায় নিখোঁজদের তথ্য ও ছবি পাঠানো হয়েছে এবং উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
"





































