রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)

  ২২ ঘণ্টা আগে

মানিকগঞ্জের সিংগাইর

খানাখন্দে ভরা সড়কে চরম দুর্ভোগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর হতে সিরাজপুর ১১ কিমি সড়কের অধিকাংশ জায়গায় পিচঢালাই, ইট-বালু, সুরকি উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন নানা ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে দুর্ঘটনা ঘটছেও প্রতিনিয়ত। বেশ কয়েক বছর আগে উপজেলা উপসহকারী প্রকৌশলী মাহাবুল ইসলামের দায়িত্বে বিভিন্ন ভাঙাস্থানে নিম্নমানের কয়েক গাড়ি রাবিশ দিয়ে সংস্কার করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফলে ভোগান্তি কোনোভাবেই যেন দূর হচ্ছে না। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকাকরণের কাজ করায় কয়েক বছর যেতে না যেতেই রাস্তার এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। আর এতেই এ সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর- মানিকনগর-সিরাজপুর হাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তার মধ্যে ২০২২-২৩ অর্থবছরে মানিকনগর পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ হালনাগাদ হয়। মানিকনগর হতে সিরাজপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ অসম্পূর্ণ থাকে। দীর্ঘদিন বাকি অংশ সংস্কার না হওয়ায় সড়কটি দক্ষিণ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটুপানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। এ বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও অফিসগামী লোকজন যাতায়াত করে থাকেন। বিশেষ করে গর্ভবতী মহিলাদের চরম মাশুল দিতে হয়।

সরেজমিনে শনিবার দুপুরে পথচারী আইনজীবী সাইফুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এ রাস্তার যে অবস্থা তাতে খালে পরিণত হয়েছে। মোটরসাইকেল নিয়ে জামা-কাপড় ভিজেই কোনো রকম চলে এলাম। তিনি স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে রাস্তাটি তাড়াতাড়ি মেরামতের জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান জানায়, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা খানাখন্দের কারণে সময়মতো স্কুলে যেতে পারি না। তাই দুর্ভোগ লাগবে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সে।

অটোচালক আবু বক্কর, আমির হোসেন, নায়েব আলী বলেন, ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে অটো চালিয়ে যা কামাই, তা গাড়ি পিছে খরচ হয়। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সামদানী বলেন, আমি নতুন যোগদান করেছি । তারপরও দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করার চেষ্টা করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়