দেড় মাস পর খুলল আদ্-দ্বীন হাসপাতাল, প্রথম দিনে চিকিৎসা নিলেন ৬০৭ জন

দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) প্রথম দিনেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে ৬০৭ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন রোগী। এ ছাড়া ৮টি সিজারিয়ান অপারেশন ও ৩টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গতকাল হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করলে মঙ্গলবার সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল, ভেন্টিলেশন ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে হাসপাতাল আবারও কার্যক্রম শুরু করেছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহেদ হোসাইন বলেন, হাসপাতাল বন্ধ থাকায় প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে এবং সবাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন।









































