reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ১৩৩০ সহিংস ঘটনা ঘটিয়েছে ইসরায়েল: জাতিসংঘ

২০২৬ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটিয়ে ১,৩৩০টিরও বেশি সহিংস ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) ফিলিস্তিনের রামাল্লা থেকে বার্তা সংস্থা ওয়াফা এই খবর জানিয়ে উল্লেখ করেছে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ) এসব ঘটনা নথিভুক্ত করেছে। সম্প্রতি সহিংসতা চরম আকার ধারণ করায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘের ওই দপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন সহিংসতার তরঙ্গে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশু রয়েছে। বসতি স্থাপনকারীদের হামলায় বাড়িঘর, মসজিদ, গাছপালা ও কৃষিসম্পদ পুড়িয়ে দেওয়া বা ধ্বংস করা হয়েছে, যার ফলে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনি, ইসরায়েলি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে যে ইসরায়েলি সৈন্যরা এই হামলাগুলো দেখেও না দেখার ভান করে এবং অনেক ক্ষেত্রে সরাসরি অংশ নেয়।

একই সাথে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় হাজার হাজার মানুষ জরুরি চিকিৎসা সেবাসহ মৌলিক জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে। চলতি বছরের শুরু থেকে গত শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হাতে ১৮ জন শিশুসহ মোট ৭৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে ওসিএইচএ নিশ্চিত করেছে।

জাতিসংঘের এই সংস্থাটি সাধারণ নাগরিকদের জরুরি সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সেই সাথে অপরাধীদের উপযুক্ত জবাবদিহির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। ইসরায়েলি এসব আক্রমণ মূলত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে দখলের পথ সুগম করছে, যা জাতিসংঘ সনদের আলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়