দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ

  ৮ ঘণ্টা আগে

গোপালগঞ্জের কাশিয়ানী

লটারির নামে ‘জুয়া’ নিঃস্ব হাজারও মানুষ

সাদ্দাম হোসেন (৩৫)। পেশায় ব্যবসায়ী। লটারিতে একটা মোটরসাইকেল জিতে ভাগ্য বদলানোর আশায় এ পর্যন্ত তিনি এক লাখ ৯ হাজার টাকার লটারির টিকিট কিনেছেন। শুধু সাদ্দামই নন, লটারির নেশায় নিঃস্ব হচ্ছেন হাজারো চায়ের দোকানদার, ভ্যানচালক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে পারিবারিক অশান্তি, ধ্বংস হচ্ছে যুবসমাজ। চটকদার পুরস্কারের লোভ দেখিয়ে প্রতিদিন খেটে খাওয়া মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। প্রশাসনের সামনে এ অবৈধ কর্মকাণ্ড চললেও নীরব ভূমিকা পালন করছেন তারা।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ মে থেকে কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুর মাঠে মাসব্যাপী বৈশাখী মেলা শুরু হয়; যা এখনো চলছে। মেলায় বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, যাত্রা ও শিশুদের নানা ধরনের রাইড। বিনোদনের আড়ালে মূল আকর্ষণ লটারি ড্র। কাশিয়ানীসহ পার্শ্ববর্তী আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মুকসুদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দৈনিক প্রায় দেড় শতাধিক ইজিবাইক ও ভ্যানে মাইকিং করে এ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ বিক্রি।

বিক্রেতারা জানান, দেড় শতাধিক ভ্যান-ইজিবাইক একটি করে ড্রাম রয়েছে। প্রত্যেকটি ভ্যান-ইজিবাইক থেকে প্রতিদিন ৮শ থেকে ১ হাজার টিকিট বিক্রি হয়ে থাকে। সে হিসাবে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার টিকিট বিক্রি হয়। ২০ টাকা মূল্যের এ লটারিতে পুরস্কার হিসেবে থাকছে- মোটরসাইকেল, রঙিন টেলিভিশন, ইজিবাইক, সোনার গয়না ও নগদ টাকাসহ একাধিক পুরস্কার। লটারি বিক্রি করে প্রতিদিন একটি চক্র ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। লাভবান হচ্ছে কতিপয় ব্যক্তি, আর নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছে হাজারো খেটে খাওয়া-দিনমজুর মানুষ। অনেক ভ্যানচালক সারাদিনের উপার্জিত আয় দিয়ে লটারির টিকেট কিনছেন। এতে অনেকে ঘরে দেখা দিয়েছে পারিবারিক অশান্তি। লটারি ড্র স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমেও প্রচার করছে। ফলে রাত ১০টা থেকে লটারি ড্রর ফল দেখার জন্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ টিভি চ্যানেলের সামনে বসে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক কমিটির একজন রাজনৈতিক একটি দলের নাম উল্লেখ করে জানান, রাজনৈতিক দলের নেতাকর্মীদের মদদে এবং প্রশাসনকে ম্যানেজ করে এ লটারি করা হচ্ছে। যে কারণে লটারি অবৈধ হলেও কেউ ব্যবস্থা নিবেন না।

আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘আমি পুরস্কারের আশায় প্রতিদিন ১০০ লটারি কিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। মেলা যে কয়দিন থাকবে, আমি লটারি কিনব।’

মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক খান কামরুজ্জামান লটারির টিকিট বিক্রি বৈধ দাবি করে বলেন, ‘টিকিট বিক্রির অনুমতি আছে। ডিসি অনুমতি দিয়েছেন। লটারি নামে তো চলে না, এটা মূলত র‌্যাফেল ড্র। হাইকোর্টেরও অনুমতি আছে।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া বলেন, ‘ডিসি অফিস থেকে তাদের বৈশাখী মেলার অনুমতি দেওয়া হয়েছে।’ তবে লটারির টিকিট বিক্রির বিষয় জানতে চাইলে তিনি টিকিট বিক্রি ‘বৈধ’ ও ‘অবৈধ’ কোনোটাই বলতে রাজি নন। কৌশলে বিষয়টি এড়িয়ে যান।’

এ বিষয় গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ-উজ-জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যস্ততা দেখিয়ে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়