রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
ঐতিহ্য এখন মরণফাঁদ
রানীনগরে শতবর্ষী হাতিরপুল সেতু

নওগাঁর রানীনগরে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী শত বছর বয়সী হাতিরপুল সেতুটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুটি ধসে পড়লে বন্ধ হয়ে যাবে রানীনগর থেকে আবাদপুকুরসহ উপজেলার পূর্ব অঞ্চলে চলাচলের একমাত্র পথ।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে আবাদপুকুর-রানীনগর মহাসড়কের ওপড় ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয় শত বছর বয়সী ঐতিহ্যবাহী হাতিরপুল নামে এ সেতুটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে সেতুটির নিচের গার্ডার ফেটে গেছে, ওপরের গার্ডার ফেটে হেলে গেছে ও ওপরের পাটাতন দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি। সেতুটি ঝুঁকিপূর্ণ জেনেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছোট-বড় যানবাহনসহ পথচারীরা। এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে থাকে।
সাধারণ পথচারীসহ অনেক চালক জানান, উপজেলার বাণিজ্যিক রাজধানী আবাদপুকুরের সঙ্গে রানীনগরের একমাত্র যোগাযোগমাধ্যম হলো এই সড়ক। এ সড়কে ব্রিটিশ আমলে নির্মিত এই ঐতিহ্যবাহী সেতুটির দীর্ঘদিন কোনো সংস্কার না করায় তা এখন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেতুটির ওপড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিদিন চলাচল করছি। দ্রুত এ সেতুটি সংস্কার করা অতি জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। জানতে চাইলে রানীনগর উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা বলেন, ঐতিহ্যবাহী এই সেতুটির বর্তমান অবস্থার কথা ওপর মহলে লিখিতভাবে জানানো হয়েছে। ওপরের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
"





































