ক্রীড়া ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

বড় অঘটনের শিকার লিভারপুল

এফএ কাপে খেই হারাল প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুল। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের দল প্লিমিথ অর্গাইলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে অলরেডরা। পেনাল্টি থেকে একমাত্র গোলে অঘটন ঘটায় চ্যাম্পিয়নশিপের তলানিতে থাক দলটি। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, লিভারপুলের সঙ্গে জড়িত সবাই খুব কষ্ট পেয়েছে।

প্রিমিয়ার লিগ বাদেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব শীর্ষে থেকেই শেষ করে লিভারপুল। ক’দিন আগেই লিগ কাপের দ্বিতীয় লেগে টটেনহাম হটস্পারকে হারিয়ে ফাইনালে যায় স্লটের শিষ্যরা। ৪-০ গোলে জয়ী দলের থেকে ১০টি পরিবর্তন এনে এদিনের একাদশ সাজান লিভারপুল বস। মোহামেদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইক ও কোডি গ্যাকপোর মতো মূল দলের খেলোয়াড়রা এদিন বদলি হিসেবেও ছিলেন না। মাঠে আধিপত্য, আক্রমণ থেকে শুরু করে সবকিছুতে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষীত গোলের দেখা পায়নি জায়ান্টরা।

প্লিমিথের ঘরের মাঠ হোম পার্কে ১০টির মধ্যে ২টি শট লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। অন্যদিকে লিভারপুলের ১৪ শটের মধ্যে লক্ষ্যে থাকে ৪টি। আক্রমণ-পাল্টা আক্রমণে গোলশূন্য বিরতিতে যায় দুই দল। মাঠে ফিরে সপ্তম মিনিটে বক্সের ভেতর তরুণ অলরেড মিডফিল্ডার হার্ভি এলিয়টের হাতে লাগে বল। হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় প্লিমিথ। স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন স্কটিশ ফরোয়ার্ড রায়ান হার্ডি। কিছু মিনিট পর গোলসংখ্যা বাড়ানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেন হার্ডি। অলরেড গোলকিপার কাওমহিন কেলেহারের প্রচেষ্টায় সে যাত্রায় বাঁচে সফরকারীরা। ম্যাচের শেষদিকে কিছুটা চাপ প্রয়োগ করে খেলতে থাকে লিভারপুল। দিয়োগো জটার দারুণ এক শট ঠেকিয়ে দেন প্লিমিথ গোলকিপার কনর হ্যাজার্ড। এরপর দারুউইন নুনিয়েজের আরেকটি হেডও দুর্দান্তভাবে ফিরিয়ে দেন এই আইরিশ গোলকিপার। মূলত হ্যাজার্ডের কাছেই পরাজয় মেনে নিতে হয় ইংলিশ জায়ান্টদের। অবিশ্বাস্য জয়ের সাক্ষী হন উপস্থিত হাজারো দর্শক।

এই হারে মৌসুমে কোয়াড্রপল বা চারটি শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে গেল লিভারপুলের। জায়ান্টরা শিরোপার দৌড়ে টিকে আছে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগ কাপে। ম্যাচ শেষে হতাশা ঝড়ে অলরেড বস আর্নে স্লটের গলায়। তিনি বলেন, ‘আমাদের জন্য খুব ভালো একটি দিন ছিল না। ম্যাচের এমন ফলাফলই বলে দেয়।’ স্লট যোগ করেন, ‘লিভারপুলের সঙ্গে জড়িত সবাই ভক্ত-সমর্থকেরা, আমি, খেলোয়াড়েরা সবাই আজ ব্যথিত। আমরা সবাই এই প্রতিযোগিতায় যথাসম্ভব লম্বা সময় ধরে থাকতে চাচ্ছিলাম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়