reporterঅনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট, ২০২২

বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু ও বন্ধুত্ব

‘বন্ধু’- ছোট এ শব্দের মধ্যে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতা। বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক। বন্ধু মানে দুটি দেহের একটি প্রাণ। আরো সহজ করে বলতে গেলে আত্মার কাছাকাছি যে বাস করে, সে-ই বন্ধু। সু-সময় কিংবা অসময়ের সঙ্গী। কিশোর থেকে বৃদ্ধ সবাই বন্ধুত্বের কদর করেন। বলা হয়ে থাকে, যদি বন্ধু হও হাতটা বাড়াও। সত্যিকারার্থেই বন্ধুত্ব এক অদ্ভুত সম্পর্কের নাম। বন্ধু ও বন্ধুত্ব নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মেহেরাবুল ইসলাম সৌদিপ

অটুট থাকুক ‘বন্ধুত’

পূবাকাশের সূর্যটা আজ নতুন বার্তা নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে। সূর্যটা আজ ওঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধন নিয়ে বন্ধুত্বের আহবানে। সে সূর্যের আলো আজ ছড়াবে সৌহার্দ্য আর ভালোবার রঙ। বন্ধুকে ঘিরে নানা জল্পনা কল্পনা থাকলেও প্রকৃত বন্ধু হল সে যিনি অপর বন্ধুর দুঃখে সমব্যাথী হয়, সুখকে সমানভাবে ভাগ করে নেয়। বন্ধুত্বকে কোনো সূত্রের মাপকাটিতে মাপা যায় না। যে কথাগুলো গুরুজন বা পিতাণ্ডমাতাকে বলা যায় না। সে কথাগুলো আমরা প্রাণ খুলে বন্ধুর কাছে প্রকাশ করি। বন্ধুত্বের বন্ধনে কোনো স্বার্থ থাকে না। বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই দৃঢ় হয়। সত্যিকারের বন্ধুত্ব নিয়ে নানা মত থাকলেও একটি বিষয়ে সবাই একমত বন্ধু ছাড়া জীবন অসম্ভব। অটুট থাকুক সকলের বন্ধুত্ব।

নাজমুন নাহার সুপ্তি

শিক্ষার্থী, আইন বিভাগ

পথচলার সঙ্গী ‘বন্ধু’

পথচলার সঙ্গী হিসেবে কমণ্ডবেশি প্রত্যেকেই একজন বন্ধু পেতে চান। এমন একজন বন্ধু, যার সঙ্গে মন খুলে প্রতিটি কথা বলা যায়! কিন্তু সব সময় তা হয়ে উঠে না। আসলে সবারই আলাদা একটি বন্ধুমহল রয়েছে। এমনকি আপনার পথচলার সঙ্গী যা করতে পারেন না, সেটিও হয়তো পারেন আপনার কোনো বন্ধু। বয়স বাড়ার সঙ্গে বন্ধুত্বের পরিসর বাড়তে থাকে, বাড়তে থাকে দায়িত্বও। তাছাড়া বন্ধু বন্ধুই হয়। তবে দুজনের মধ্যে আন্তরিকতা থেকে যদি প্রেমের জন্ম নেয় তা দোষের কিছু নয়। কিন্তু কোনোভাবেই একতরফা প্রেমের জন্য বন্ধুত্বের সম্পর্কে নষ্ট হতে দেওয়া ঠিক নয়। বন্ধুদের সঙ্গে কেবল আনন্দই মূল কথা নয়, বিপদে তার পাশে দাঁড়ানো, যথাসাধ্য সাহায্য করাও বন্ধুত্বের দাবি। বন্ধুই হোক আর পথচলার সঙ্গীই হোক, পরস্পরের প্রতি থাকতে হবে শ্রদ্ধা।

মো. জাহিদ হাসান

শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ

ভালো থাকুক ‘বন্ধুত্ব’

জনপ্রিয় সংগীতশিল্পী রাশেদ উদ্দীন আহমেদ তপুর কণ্ঠে গীতিকার শিমুল সরকার লিখেছিলেন, ‘সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয়-অনাত্মীয়, শত্রু-মিত্র, রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। সৎ-অসৎ, দূরের-কাছের, বৈধ-অবৈধ হাজারও এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব!’ বাস্তবে বন্ধুত্ব হলো ঠিক এমনই একটা সম্পর্ক যেখানে থাকেনা রক্তের সম্পর্ক-স্বার্থের টান, থাকে আত্মার বন্ধন। কখনো কখনো সব সম্পর্ককে হার মানিয়ে যে সম্পর্কটি আমৃত্যু টিকে থাকে সেই সম্পর্কের নামই বন্ধুত্ব। বিপদে-আপদে, মন খারাপে, কারণে-অকারণে, সুসময়-দুঃসময়ে নির্দ্বিধায় সবসময় পাশে পাওয়া যায় আমাদের প্রাণপ্রিয় বন্ধুদের। বন্ধু মানেই আড্ডা, ট্যুর, গল্প আর ছবি তোলা। তবে বন্ধুত্ব নামক সম্পর্কটির সাথে কখনো খারাপ শব্দটির ব্যবহার হয় না, বন্ধু মানেই ভালোকিছু।

তাজুল ইসলাম তাসিন

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ

‘বন্ধুত্ব’ থাকুক আজীবন

ছোট্ট একটা পরিচয় থেকেই গড়ে উঠে বন্ধুত্ব। আর বাড়তে থাকে বন্ধুর সংখ্যা। ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড এখন আবার জাস্ট ফ্রেন্ডও রয়েছে। তবে সমসাময়িক সবার সাথেই বন্ধু সুলভ সম্পর্ক হয়ে যায়। বন্ধুর সঙ্গে মোটামুটি সব বিষয়ই ভাগ করা যায়। তবে অবশ্যই তার আগে বন্ধুর মনমানসিকতাও যাচাই করে নেওয়া প্রয়োজন। কারণ আমি যে ধরনের অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, আমার বন্ধুর অবস্থা তার বিপরীতও হতে পারে। সেক্ষেত্রে সে আমায় বুঝতে পারবেন না। বন্ধুকে নির্দ্বিধায় সবকিছু বলা গেলেও বিশেষ কিছু বা গোপনীয় কিছু বলার আগে ভেবে দেখা প্রয়োজন। আবার কোনো বন্ধু যদি নিজের কোনো ব্যক্তিগত কথা বলে তাহলেও তার বিশ্বাসকে সম্মান দেখানো উচিত। কোনো ভাবেই তার কথা অন্যদের সঙ্গের আলোচনা করা উচিত না। বন্ধুত্ব গড়ে ওঠে মনমানসিকতা মিল আর মেলামেশার মাধ্যমে। তাই বন্ধুকে ভালোভাবে যাচাই করে তার সব কিছু বিবেচনা করে নিজের কথাগুলো বলা উচিত। আর এ বন্ধুত্বের সম্পর্ক আজীবন অটুট রাখা জরুরি।

মুশফিকুর রহমান

শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ

প্রকৃত বন্ধুর নামই ‘বন্ধুত্ব’

আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রকৃত বন্ধুর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু যদি প্রকৃত বন্ধু হয় তাহলে জীবনের পথচলা মসৃণ হয়। কিন্তু সেই বন্ধুই যদি গোপন শত্রু হয়ে যায় তাহলে জীবন হয়ে যায় দুর্বিষহ। আমাদের দৈনন্দিন চলার পথে সব থেকে বেশি সময় কাটানো হয় বন্ধুদের সাথে। তাই খাঁটি বন্ধু প্রতিটি মানুষের জীবনেই আবশ্যক। বর্তমানে বন্ধুত্ব হয়ে গেছে অনেক সহজলভ্য। ফেসবুকে ইনস্টাগ্রামে মাত্র এক ক্লিকেই হয়ে যায় একজন আরেকজনের বন্ধু। এখানে কাউকে ভালো করে চেনা, জানার সুযোগ থাকে না। বর্তমানে আমাদের ব্যস্ত সময়ে আসল বন্ধু চেনার সময়টুকুও নেই। তাই বন্ধুর বেশে প্রতারণার হার ক্রমেই বাড়ছে। বন্ধুর উপর বিশ্বাসে মরিচা ধরছে। এত এত বন্ধুর ভিড়ে আসল বন্ধুটিকে চিনে নেওয়ার কাজটি একটু কঠিনই বটে। তারপরও সবার মনে রাখা উচিত- প্রতিটি দিন একে অপরের পাশে থাকার নামই বন্ধুত্ব।

আঁখি আক্তার বন্যা

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ

‘বন্ধু’ নির্বাচনে সতর্ক হন

বন্ধু মানে একসাথে পড়ালেখা করা সহপাঠীরা নয়, নয় একসাথে চলাফেরা করা সমবয়সীরা। এক কর্মক্ষেত্রে কাজ করা কলিগরাও নয়। বন্ধুর সংজ্ঞা যেমন কঠিন, তেমন বন্ধু নির্বাচন করাও কঠিন। এক শ্রেণিতে পড়া, এলাকায় বাস করা সবাই বন্ধু নয়। তারা আপনার পরিচিত, বাসিন্দা। বন্ধু তারা যাদের সাথে আপনি আপনার মনের সব কথা বলতে পারেন। কোনো সমস্যায় পড়লে সাহায্য চাইতে পারেন। যে আপনার বিশ্বাস কখনো ভাঙবে না, আপনার আড়ালে নিয়ে বাজে বলবে না। বন্ধুরা একসাথে আড্ডা দিবে, গ্রুপ স্টাডি করবে, কারো বিপদে এগিয়ে আসবে, নিয়মিত যোগাযোগ রাখবে। আপনার ভালো কাজে উৎসাহ দিবে। মন্দ কাজ থেকে বিরত রাখবে। মনে রাখবেন, আপনার সুসময়ে যারা পাশে থাকে এবং দুঃসময়ে দূরে চলে যায় এরা প্রকৃত বন্ধু নয়, এরা আপনার বন্ধু হয়েছে শুধুমাত্র নিজের লাভের জন্য। এরা আপনার

সফলতার পথে বাধার সৃষ্টি করবে। বিপদের মাঝে ঠেলে দিবে, সাহায্য করবে না। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

আফরোজা আক্তার

শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ

বন্ধুত্বের কোনো নির্দিষ্ট অর্থ নেই

বন্ধুত্ব এমন একটি শব্দ যার অর্থ আজও বুঝে ওা হলো না। হন্যে হয়ে খুঁজে ফিরি। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, কথোপকথন, সিনেমাতে। আরো কত কীসে চলে এই রহস্য উদঘাটনের চেষ্টা। বন্ধুত্বের কোনো নির্দিষ্ট দিন নেই, কারণ সারা বছরই বন্ধুত্বের দিনে ভরা। হঠাৎ অচেনা দুঃখে মন ভেঙে যাওয়া, কাউকে ভালো লাগলে, মনটা বেশ ফুরফুরে হয়ে গেলে, বুকের গহীনে প্রজাপতিরা উড়াউড়ি শুরু করে, তখনই মনে হয় প্রিয় বন্ধুর সাথে ভালো লাগার রেশটা শেয়ার করে নেই। এটাই বন্ধুত্ব। বন্ধু হলো সে যার সাথে সুখ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে। সে সময়বিশেষে আমাদের পাশে দাঁড়ানো সহমর্মী, পিঠে হাত রেখে বলে, যা করেছিস বেশ করেছিস, লড়ে যা, আমি পাশে আছি! এমন লোককে মনে করার জন্য কোনো দিন আলাদা করে হয় নাকি! যেদিনটা তাকে মনে করার দিন, তাকে মনে করিয়ে দেওয়ার দিন যে, তুই না থাকলে সকালটা এত মিষ্টি হত না।

সাফা আক্তার নোলক

শিক্ষার্থী, দর্শন বিভাগ

বন্ধু আড্ডায় উল্লাস

বন্ধুত্ব তো সেটাই, যাকে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। তাই তো আমাদের পরম কাছের বন্ধু হতে পারে আপন মানুষ, পোষা প্রাণী এমনকি প্রকৃতির যেকোনো কিছুই। জীবনের যেকোন পরিস্থিতিতে, যেকোনো সময়ে পাশে থাকে বন্ধু। বন্ধু ছাড়া জীবনে পথ চলা মুশকিল। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। একদিকে কিছু মানুষের সঙ্গে যেমন ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, অন্যদিকে কিছু মানুষের সাথে দূরত্ব বেড়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আবার ফিরে পাবে সেই খুশি-মাখা প্রাণোচ্ছল দিনগুলো যেখানে বন্ধুদের সাথে উল্লাসে মেতে উঠবে প্রতিটা ক্ষণে প্রতিটা প্রাণ; সবাই এক ‘আমি’ তে পরিণত হবে। সেই সুদিন আসবে বলে এখনো অপেক্ষায় আছি।

মিতালি আক্তার

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়