লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় পাহাড় ধসে নিহত দুই পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা

লামা আজিজনগরে পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন করে বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী নিহত ৫ জনের দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে। গতকাল ১১ জুলাই দুপুরে তিনি আজিজনগর মিশনপাড়া পাহাড়ধস এলাকা প্রত্যক্ষ করেন।
এমপি ক্ষতিগ্রস্ত নিহতের পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শান্তনা দেন। এ সময় গণপ্রজাতন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে দুই পরিবাকে ৫০ হাজার টাকা করে প্রদান করেন। একই সময় আহত নারী সদস্যের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেন সাংসদ সাচিংপ্রু জেরী।
সাংসদ শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা- পুনর্বাসনের আশ্বাস দেন।
বিকেল পৌনে তিনটায় লামায় পৌঁছে সাংসদ দুর্গত মানুষের দুঃখদুর্দশার কথা শুনে শুকনো খাবার প্রদান করেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বিগত দিনে ত্রাণ কার্যক্রমের ধারণা দেন। লামায় ত্রাণ কার্যক্রমে রাজনৈতিক দলগুলোসহ এনজিওদের সার্বিক সহায়তার কথা তুলে ধরেন ইউএনও।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সাংসদ বলেন, পার্বত্য এলাকা দুর্যোগপ্রবণ। এখানে পাহাড়ের ঢালুতে বসবাসকারীরা মৌসুমের এই সময়টা সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘরবাড়ি ক্ষেতের ফসল; এ সবের ক্ষতি পুষিয়ে আনা সম্ভব, কিন্তু জীবন অমূল্য। সুতরাং দুর্যোগে জীবন বাঁচাতে হবে আগে। প্রসঙ্গ টেনে সাংসদ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন।
এ সময় লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ, বিএনপি নেতা সাবেক মেয়র মো. আমির হোসেন, বিএনপি নেতা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, আবু তাহের মিয়া ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিকেল পৌনে চারটায় সাংসদ আলীকদম উপজেলায় দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে যান। সূত্রে জানা যায়, এর পর তিনি নাইক্ষ্যংছড়ি দুর্গত এলাকা পরিদর্শন করে মধ্যরাতে বান্দরবান ফিরবেন।
"








































