নিজস্ব প্রতিবেদক
ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করার দাবি

বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা ও দেশের অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক ঋণের সুদের হার কমানো, এলসি খোলার প্রক্রিয়া সহজ করা, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবায় অটোমেশন চালু এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। ডিসিসিআই নিউ ধানমন্ডি কনভেনশন হলে আয়োজিত এ সভায় ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটসংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা সম্প্রসারণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে ব্যবসায়ীদের বিক্রি ও টার্নওভার কমে যাচ্ছে।
তাসকীন আহমেদ বলেন, চলতি বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমানো, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার তহবিল এবং পাঁচ বছরের স্থিতিশীল কর কাঠামোর ঘোষণা ইতিবাচক উদ্যোগ। তবে সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে, যা বিনিয়োগের জন্য উদ্বেগের বিষয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা গ্রহণে হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। শিগগিরই ডিসিসিআইতে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. তারেক জুবায়ের বলেন, চাঁদাবাজি দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীতে স্মার্ট পুলিশিং চালুর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা বলেন, ব্যবসা সহজীকরণে অর্থ আইন-২০২৬ এ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩৫ সাল পর্যন্ত শর্তসাপেক্ষ কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী বলেন, ডলার ও রিজার্ভ সংকটের কারণে এলসি নিষ্পত্তিতে সময় বাড়ছে। খেলাপি ঋণের উচ্চ হারের কারণেও ব্যাংক ঋণের সুদ কমানো যাচ্ছে না, যা উদ্যোক্তাদের ব্যয় বাড়াচ্ছে। মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা চশমা শিল্পে যন্ত্রপাতি আমদানি সহজ করা, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির উপর কর কমানো, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং নীতিমালা প্রণয়ন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রণোদনা, নতুন উদ্যোক্তাদের এলসি খোলায় সহযোগিতা এবং ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে পাঁচ বছরে উন্নীত করার দাবি জানান। অনুষ্ঠান শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইর সদস্যপদ দেওয়া হয়।
"







































