রাকিবুল ইসলাম, হরিরামপুর (মানিকগঞ্জ)
ঐতিহ্য
কালের সাক্ষী মাচাইন শাহী মসজিদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ৫২২ বছরের প্রাচীন ঐতিহ্য মাচাইন শাহী মসজিদ। ৩ গম্বুজবিশিষ্ট মসজিদের মূল অংশটির কারুকাজ শাহ রুস্তমের (রহ.) পুণ্যস্মৃতি আজও বহন করে চলছে। মানিকগঞ্জ জেলার পুরাকীর্তি ও প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে মাচাইন শাহী মসজিদ অন্যতম।
এ মসজিদের নামকরণ ও তৈরি সম্পর্কে রয়েছে বিভিন্ন জনশ্রুতি। স্থানীয়রা জানান, শাহ রুস্তম ধর্ম প্রচারের জন্য বাগদাদ থেকে এদেশে আসেন এবং পরে এ অঞ্চলের ইছামতি নদীতে বাঁশের তৈরি মাচার ওপর ইবাদতে মগ্ন থাকতেন। সেই থেকে মাচাইন নামটি প্রচলিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর সেনারা নদীপথে এদিক দিয়ে যাতায়াতকালে শাহ রুস্তমকে এ অঞ্চলের নাম জিজ্ঞেস করলে তিনি সেনাদের কথা ঠিকমতো বুঝতে না পেরে জবাব দেন মাচান। তখন থেকেই এ অঞ্চলের নাম মাচান এবং পরে মাচাইন নামে পরিচিতি লাভ করেন।
শিলালিপি অনুযায়ী, ১৫০১ সালে বাংলার বিখ্যাত সুলতান আলাউদ্দিন হোসেনের রাজত্বকালে সুরম্য এ মসজিদ নির্মিত হয়েছিল। হরিরামপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকের মাচাইন গ্রামে সাদা পাথর, চুন ও সুরকি দিয়ে তৈরি মসজিদটির নিখুঁত কারুকার্য দেখতে প্রতিদিন ভিড় করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থী। এ মসজিদের চার কোণে রয়েছে চারটি অক্টাগোনাল ট্যারেট। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দেয়ালে খিলানের মধ্যে ৩টি প্রবেশপথ রয়েছে।
জাতীয় তথ্য বাতায়ন সূত্রে জানা যায়, সুলতানি আমলে নির্মিত কয়েকটি মসজিদের মধ্যে মাচাইন শাহী মসজিদ অন্যতম। স্থানীয়দের কাছে এ মসজিদ একটি পবিত্র ও শ্রদ্ধার স্থান। এছাড়া এ মসজিদের পাশেই রয়েছে শাহ রুস্তমের মাজার। মানিকগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শ্রদ্ধার সঙ্গে এ প্রাচীন ঐহিত্যবাহী মসজিদ একনজর দেখতে ও মাজার জিয়ারতের উদ্দেশে জমায়েত হন প্রতিনিয়ত। তবে সপ্তাহের শুক্রবার সবচেয়ে বেশি মানুষের আনাগোনা দেখা যায় মাচাইন শাহী মসজিদ ও শাহ রুস্তম মাজার প্রাঙ্গণে।
মাচাইন শাহী মসজিদের ইমাম হাফেজ মো. মিজানুর রহমান জানান, দীর্ঘ ১৮ বছর ধরে আমি এ মসজিদের ইমাম হিসেবে আছি। মসজিদটি তৈরির ইতিহাস সম্পর্কে লিখিত কোনো দলিল না থাকলেও এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জানা যায়, প্রায় ৬০০ বছর আগে এ মসজিদ নির্মাণ করা হয়েছে। পরে বিভিন্ন সময় মসজিদটি সংস্কার করে আয়তনে বাড়ানো হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা জানান, মাচাইন শাহী মসজিদটি ১২ সেপ্টেম্বর ২০০৫ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। শিলালিপি অনুযায়ী, ১৫০১ সালে এ মসজিদ নির্মাণ করা হয়।
"







































