মেহেরপুর প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

মেহেরপুরে বোমা ও এনসিপি নেতার কুশপুতুল

তদন্তে নেমেছে পুলিশ

রাস্তার পাশে ঝুলতে দেখা গেল এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি-সংবলিত তিনটি কুশপুতুল। কয়েক ঘণ্টা পর সমাবেশস্থলের অদূরে উদ্ধার হলো বোমাসদৃশ একটি বস্তু। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির দিন গতকাল সোমবার মেহেরপুরের গাংনীতে পরপর ঘটে যাওয়া এ দুই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একইসঙ্গে এগুলোর পেছনে কোনো নাশকতা বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, র‍্যাব ক্যাম্প এবং পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কের পাশে ইন্টারনেটের তারে ঝুলন্ত অবস্থায় তিনটি কুশপুতুল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য, খড় দিয়ে তৈরি কুশপুতুলগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা প্রতিটির বুকে এনসিপির কেন্দ্রীয় তিন নেতার ছবি-সংবলিত পোস্টার লাগানো ছিল। পোস্টারে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’ এবং ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’ এর কয়েক ঘণ্টা পর, দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি সবজিভর্তি ব্যাগ দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে বোমাসাদৃশ একটি বস্তু উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বস্তুটি থানায় নিয়ে যাওয়া হয়।

গাংনী থানার ওসি মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে। কুশপুতুল উদ্ধারের বিষয়ে তিনি জানান, ‘আতঙ্ক সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে দুর্বৃত্তরা এ কাজ করে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’ ওসি আরো জানান, কর্মসূচি ঘিরে গাংনীতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ দুই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় দলটির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শুরুর আগে পরপর দুটি ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-জল্পনার সৃষ্টি হয়। পুলিশ বলছে, ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই তদন্ত করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়