নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

‘বন্ধু রেজিস্টার’ চালু করতে হবে বিদ্যালয়ে

- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং বিদ্যালয়কে একটি কার্যকর সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ এবং ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন কেবল সরকারের একক উদ্যোগে সম্ভব নয়, এর জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার সুনামগঞ্জ পিটিআইয়ে স্কুল ফিডিং প্রকল্প আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শ্রেণির শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি প্যারেন্ট সার্কেল গঠন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত যোগাযোগ, শিক্ষার্থীদের অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ত করা হবে। এতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি হবে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরো শক্তিশালী হবে। তিনি আরো বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি, সমাজের দানশীল ব্যক্তি এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি ‘বন্ধু রেজিস্টার’ তৈরি করতে হবে। এই বন্ধু নেটওয়ার্ক বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে বিদ্যালয়কে সহায়তা করবে।

প্রতিমন্ত্রী বলেন, যে বিদ্যালয় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পারবে, সেই বিদ্যালয়ই সবচেয়ে সফল হবে। কমিউনিটি যদি বিদ্যালয়ের পাশে দাঁড়ায়, তাহলে কেউ বিদ্যালয়ের সম্পদ দখল করতে পারবে না, নিম্নমানের খাদ্য সরবরাহ করতে পারবে না এবং বিদ্যালয় সম্পর্কে অপপ্রচার চালানোও কঠিন হয়ে পড়বে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের প্রতিটি শিশুর জন্য একটি আধুনিক, মানবিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষা প্রশাসন, অভিভাবক ও স্থানীয় জনগণকে একটি অভিন্ন দলের সদস্য হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ববি হাজ্জাজ বলেন, সরকার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক সংকট নিরসন, পিটিআই অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় ফিডিং কর্মসূচির মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নে শিক্ষক ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।

জেলা প্রশাসক, সুনামগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সুনামগঞ্জের পুলিশ সুপার, স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক, সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তা এবং জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়