বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জ

ভিসির পদত্যাগে আনন্দ মিছিল

উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের পর শিক্ষার্থীরা রং মেখে, মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন। এ সময় আবিরের রঙে রঙিন হয়ে যায় পুরো ক্যাম্পাস। উপাচার্য পদত্যাগ করার পর গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ দিনের ভিসিবিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা করেছেন, তাদের কৃতজ্ঞতা জানানো হয়। সম্মিলিত আন্দোলনের মুখে উপাচার্য পদত্যাগে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করা হয়। সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের এবং ইউজিসির তদন্ত প্রতিবেদনে সঠিক তথ্য প্রকাশ করায় সবাইকে ধন্যবাদ জানানো হয়। এদিন বেলা ১১টার দিকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গত সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন। এর আগে রোববার রাতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ার পর অপসারণের সুপারিশ করে।

প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়। সেগুলো হলো উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে যেসব

অভিযোগ উঠেছে তা প্রমাণিত হয়েছে, তিনি (খোন্দকার নাসির উদ্দিন) বিশ্ববিদ্যালয় পরিচালনার যোগ্য নন, তাই তাকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে আনা বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ। দুর্নীতি, অনিয়ম, নারী কেলেঙ্কারি ও বাক-স্বাধীনতা হরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়