শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১০ ঘণ্টা আগে

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর কাছে বাড়তি টাকা দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কিশোরীর হাতে প্লাস্টার করার জন্য অর্থ দাবি করার অভিযোগ উঠেছে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আরিফের বিরুদ্ধে। এ ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ বলেন, রোগীর শরীরে প্লাস্টার করার জন্য দরকারি সব উপকরণ হাসপাতালের সবসময় থাকে না। তাই চিকিৎসা উপকরণ কেনার জন্য সামান্য টাকা চাওয়া হয়েছিল।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম আহত মেয়ে সুমাইয়াকে নিয়ে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চিকিৎসক প্লাস্টার করার জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। সিরাজুল ইসলাম ১ হাজার ২০০ টাকা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ৮০০ টাকা ব্যয়ে মেয়ের হাতে প্লাস্টার করান। সিরাজুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম, কারণ সেখানে খরচ কম হওয়ার কথা। কিন্তু প্লাস্টারের জন্য ১ হাজার ৫০০ টাকা চাওয়া হয়। আমি ১ হাজার ২০০ টাকা দিতে চাইলেও রাজি হননি। পরে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ৮০০ টাকা দিয়ে প্লাস্টার করাতে হয়েছে। সরকারি হাসপাতালে এসে এমন অভিজ্ঞতা খুবই হতাশাজনক। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীর স্বজনের এমন অভিযোগ স্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

অভিযোগের বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ বলেন, সরকারি হাসপাতালে প্লাস্টার করার জন্য কোনো টাকা নেওয়া হয় না। অভিযোগটি সঠিক নয়। আমি শুধু বলেছি, হাসপাতালের কিছু প্লাস্টার-সংক্রান্ত উপকরণ মানসম্মত ছিল না বা প্রয়োজনীয় কিছু উপকরণ ছিল না। তাই বাইরে থেকে কিছু মালামাল কিনতে হতে পারে, যার জন্য কিছু টাকা খরচ হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য কোনো অর্থ দাবি করিনি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়