চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তর ডেপুটি করা হলো যাকে

গত পাঁচ দিন ধরে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আজ রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে শান্তর ডেপুটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডেপুটি হিসেবে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিরাজ। এবার শান্তর ফেরার পর তিনি সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ১০৩টি ওয়ানডেতে মাঠে নামা মিরাজ এর আগে আফগানিস্তানের বিপক্ষে শারজায় এক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্যাট হাতে ৬৬ রান করেছিলেন।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৭৪ ও ৭৭ রানের দুটি ইনিংস খেলার পাশাপাশি অফ স্পিনে অধিনায়কত্বের চার ম্যাচে নিয়েছেন দুই উইকেট।
বিসিবির একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুবাইয়ে দলের সঙ্গে অনুশীলন করবেন পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। তবে টুর্নামেন্ট শুরু হলে ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই দুটি ম্যাচ হবে পাকিস্তানে।









































