চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোঁচট অস্ট্রেলিয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে শুরুতে পঞ্চাশ পেরোতেই দলের অর্ধেক ব্যাটার হারায় স্বাগতিকরা। দেড়শর আগেই নেই দলের আট উইকেট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চারিথ আসালাঙ্কা অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে টেনেটুনে ২১৪ রান করে লঙ্কানরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিলো ১৬৫ রানে! যাতে মাহিশ ঠিকশানা রাখলেন দুর্দান্ত ভূমিকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ প্রস্তুতিতে কলম্বোতে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ইনিংস সেরা ১২৭ রান করার পাশাপাশি বল হাতে অস্ট্রেলিয়ার সেরা ব্যক্তিগত পারফর্মার অ্যালেক্স ক্যারিকে (৪১) মাঠছাড়া করেন।
আগে ব্যাটিংয়ে নেমে স্পেন্সার জনসন ও অ্যারন হার্ডির তোপে পড়ে ৫৫ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৩০ রানে ক্রিজে নামা অধিনায়ক আসালাঙ্কা এই ধাক্কা সামলে নেন দুনিথ ভেল্লালাগের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে।
এই জুটি ভাঙার পর ১৩ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর এহসান মালিঙ্গাকে নিয়ে ৭৯ বলে ৭৯ রানের সেরা জুটি গড়েন আসালাঙ্কা, যাতে তার একার অবদান ৭৭ রান। ১২৬ বলে ১৪ চার ও ৫ ছয়ে সাজানো ইনিংস খেলে থামেন অধিনায়ক। ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট লঙ্কানরা।
লক্ষ্যে নেমে আসিথা ফার্নান্ডো ও ঠিকশানার বোলিংয়ে হাপিত্যেশ করতে থাকে অজিদের ব্যাটিং লাইনআপ। ৮৫ রানে ৬ উইকেট হারালে জয়ের দৃঢ় সম্ভাবনা উঁকি দেয় শ্রীলঙ্কাকে। বাকি ব্যাটাররা কেবল ব্যবধান কমাতে পেরেছেন। ৩৩.৫ ওভারে অলআউট হয় তারা।
ঠিকশানা ৯.৫ ওভারে ৪০ রানে চার উইকেট নেন। দুটি করে পান আসিথা ও ভেল্লালাগে। অস্ট্রেলিয়ার পক্ষে ক্যারির পর সর্বোচ্চ ৩২ রান করেন হার্ডি।









































