ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী কুড়িগ্রামে গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত ৯টার দিকে নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দোলনা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুড়িগ্রাম সোপর্দ করা হবে।









































