reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

চীনের প্রতিরক্ষামন্ত্রী নিখোঁজ, গৃহবন্দীর সম্ভাবনা?

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু। ছবি : প্রতিদিনের সংবাদ

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকে গত তিন সপ্তাহের বেশি দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরা ও রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ধোঁয়াশার জাল তুঙ্গে ছিল। এরপর হুট করে দেশটি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে তার পদ থেকে সরিয়ে দেন। এর রেশ কাটতে না কাটতেই এবার শাংফুকে নিয়ে জল্পনা শুরু হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল লিকে গত ২৯ আগস্ট শেষবার প্রকাশ্যে দেখা যায়। সেইসময় তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য দিয়েছিলেন। এরপর থেকে তার আর খোঁজ নেই।

এ নিয়ে মার্কিন একজন শীর্ষ কূটনীতিক চীনের এ বিষয়টিকে আগাথা ক্রিস্টির উপন্যাসের সঙ্গে তুলনা করেছেন। জাপানে নিযুক্ত ওই মার্কিন রাষ্ট্রদূত রাহ ইমানুয়েল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হন, এরপরে রকেট ফোর্সের কমান্ডাররা নিখোঁজ হন এবং এখন লি শাংফুকে জনসমক্ষে দেখা যাচ্ছে না।

গুঞ্জন উঠেছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে নতুন নিয়োগ দিয়েছেন। এরপর থেকে জেনারেল লি শাংফুকে প্রকাশ্যে দেখা যায়নি।

শুক্রবার ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ধারণা ৬৫ বছর বয়সী লিকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে। এবং তার বিরুদ্ধে দেশটির কর্তৃপক্ষ তদন্ত করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ আগে লিকে ভিয়েতনামের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাহ ইমানুয়েল এক্সে আরও লিখেছেন, লিকে সম্ভবত গৃহবন্দী করে রাখা হয়েছে।

তবে এসব নিয়ে চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

পিডিএস/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীনের প্রতিরক্ষামন্ত্রী,গৃহবন্দী,লি শাংফু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়