পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে মেধা, শিখন ও গণিত উৎসবের পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সাত দিনব্যাপী মেধা, শিখন ও গণিত উৎসব-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পীরগঞ্জ পৌরসভার অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সাত দিনব্যাপী উৎসবে অংশ নেওয়া ২ হাজার ১০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত ২৪১ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক, নগদ অর্থ এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে একটি করে নিম গাছের চারা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ভাইস চেয়ারম্যান উত্তাশাম উল হক মিম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একরামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ পীরগঞ্জ সার্কেল আব্দুল হাই, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ-এর প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। স্বাগত বক্তব্য দেন আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নৈতিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি গণিতভীতি দূর করে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিজয়ীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।









































