ফেনী প্রতিনিধি
পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়নে (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের (২১৪৫) নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সংশি¬ষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলেশিশু রয়েছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল¬ুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।









































