বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রতিহত করলো বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের একজনসহ ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ বা 'পুশ-ইন'-এর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় গ্রামবাসীর তীব্র বাধার মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর প্রধান খুঁটির (পিলার) ২০-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভারতের শ্রী রামপুর সীমান্ত এলাকা দিয়ে ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে পাঠাতে চায় বিএসএফ। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বাধা দিলে বিএসএফ সদস্যরা বাধ্য হয়ে তাঁদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলে কিছু সময়ের জন্য সীমান্তজুড়ে উত্তেজনা দেখা দেয়। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী ও গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির সংকেত শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুপ্রবেশকারীদের প্রতিহত করেন।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টিয়া আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তা সফলভাবে প্রতিহত করে তাঁদের ভারতে ফেরত পাঠিয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
পিডিএস/এমএইউ









































