ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

  ৫৬ মিনিট আগে

ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিটের প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় দায়ের করা চার্জশিটকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলায় প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তদন্তকারী কর্মকর্তা, ঘোড়াঘাট থানার ওসি ও সার্কেল এসপির বিরুদ্ধে মানববন্ধন করেছেন আন্দোলনকারী ছাত্রদল, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২টায় ঘোড়াঘাট থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ছাত্রদল ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে ২৪ আগস্ট ৪০ জনের নাম উল্লেখসহ আরও ৭০-৮০ জন অজ্ঞাতনামাকে আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা (মামলা নং-০৭) দায়ের করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে হামলায় সরাসরি জড়িত আওয়ামী লীগের পদধারী ও প্রভাবশালী কয়েকজন ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে ৬৭ জনকে গ্রেপ্তার দেখানো হলেও চূড়ান্ত চার্জশিটে মাত্র ৫২ জনকে আসামি করে মূল অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য দেন। বক্তারা তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিতর্কিত চার্জশিট প্রত্যাহার, মূল অভিযুক্তদের অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের দিকনির্দেশনায় নিখুঁত তদন্ত শেষে ৫২ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। এতে কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ ছিল না। অন্যদিকে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, যে কেউ অভিযোগ আনতে পারেন, তদন্ত বা সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে আইনি প্রতিকার চাইতে পারেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়