তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে নিসচা'র বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে অবস্থিত পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মো. সুমন, নিসচা'র মহিলা বিষয়ক সম্পাদক মোসা: শেলিনা আক্তার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যকরি সদস্য মো: ফয়সাল সিকদারসহ সাংবাদিক আল-রোকন, মেহেদী হাসান ও রাজিব হোসেন জয় প্রমুখ।
কর্মসূচির আওতায় নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহা জালালের উদ্যোগে বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও জলপাই গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করেন।
পিডিএস/এমএইউ









































