বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথে কিশোরী ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর ছেলে জয়নাল আবেদিন (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মো. মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে ওই ১৪ বছর বয়সি কিশোরীকে জয়নাল আবেদিন তাঁর বাড়ির সামনে থেকে ডেকে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থানরত নাজিম উদ্দিনের সঙ্গে পালাক্রমে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর জয়নাল আবেদিন ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী তার মোবাইল ফোন ব্যবহার করে মাকে বিষয়টি জানায়। পরে তার মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং পরদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিশোরী চার দিন চিকিৎসাধীন ছিল।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হক চৌধুরী জানান, দীর্ঘ ১৪ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন।
উল্লেখ্য, এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।
পিডিএস/এমএইউ









































