নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

গভীর রাতে পরীক্ষার্থীদের ঘরে ইউএনও রুহুল আমিন: এক অনন্য মানবিক উদ্যোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

বৃহস্পতিবার (০২ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা। চারদিকে পিনপতন নীরবতা। গভীর রাতে টেবিলের সামনে বসে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। ঠিক এমন সময় আকস্মিকভাবে তাদের দরজায় কড়া নাড়লেন নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। কোনো প্রশাসনিক কঠোরতা নয়, বরং এক বুক স্নেহ আর ভালোবাসা নিয়ে গভীর রাতে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে তাদের বাড়িতে হাজির হন তিনি। ইউএনওর এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে অভিভূত শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা গেছে, গত রাতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন পরীক্ষার্থীর বাড়িতে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও রুহুল আমিন। তিনি সরাসরি শিক্ষার্থীদের পড়ার টেবিলে গিয়ে বসেন। তাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হলো, কোনো বিষয়ে ভয় বা মানসিক চাপ কাজ করছে কি না—সেসব বিষয়ে পরম মমতায় খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "পরীক্ষা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। তোমাদের যেকোনো প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে আছে।"

গভীর রাতে পরীক্ষার্থীদের মানসিক মনোবল বাড়াতে তিনি তাদের হাতে কলম, টেবিল বাতি, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও হালকা নাশতা তুলে দেন। একজন সর্বোচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার কাছ থেকে পরীক্ষার আগের রাতে এমন অনুপ্রেরণা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে শিক্ষার্থীরা।

ইউএনওর এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো উপজেলাজুড়ে প্রশংসার ঝড় ওঠে। এ সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কয়েকজন অভিভাবক জানান, "গভীর রাতে দেশের এত বড় একজন কর্মকর্তা আমাদের ঘরে এসে সন্তানের খোঁজ নেবেন, এটা আমরা ভাবতেও পারিনি। স্যারের কথায় আমাদের সন্তানদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।"

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এই উদ্যোগটি কর্মকর্তাদের সাথে সাধারণ মানুষের দূরত্ব যেমন কমাবে, তেমনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। প্রশাসনের এমন মানবিক রূপ সত্যিই প্রশংসনীয় এবং এটি অন্যান্য অঞ্চলের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন নবীগঞ্জবাসী।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়