ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

১ কোটি ১২ লাখ টাকা হ্রাসকৃত বাজেট, প্রশাসনের পরিকল্পনা নিয়ে সমালোচনা

ছবি : প্রতিদিনের সংবাদ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় বাজেটের আকার ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কমে যাওয়ায় পৌর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একটি পৌরসভার বাজেট ধারাবাহিকভাবে সংকুচিত হওয়া উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আহরণ এবং প্রশাসনিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকা। ফলে এক বছরের ব্যবধানে বাজেটের আকার কমেছে ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা।

পৌরসভার আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার বিপরীতে মোট ব্যয় ছিল ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ লাখ ৫৯৪ টাকা। অর্থবছর শেষে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা উদ্বৃত্ত থেকে যায়। সেই উদ্বৃত্ত নতুন অর্থবছরের প্রারম্ভিক স্থিতির সঙ্গে যুক্ত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোট আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ৪০ কোটি ৮৫ লাখ টাকা আয়ের প্রস্তাব রয়েছে। অপরদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ৯ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৪০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে। বছর শেষে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা সমাপনী স্থিতি থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

রাজস্ব হিসাব অনুযায়ী, আগামী অর্থবছরে ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব আয়ের বিপরীতে ৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এতে ৯২ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব উদ্বৃত্ত থাকার প্রাক্কলন করা হয়েছে। উন্নয়ন খাতে সরকারি অনুদান, রাজস্ব উদ্বৃত্ত এবং LGCRRP ও IUGIP প্রকল্পসহ বিভিন্ন উৎস থেকে ৪০ কোটি ৮৫ লাখ টাকা প্রাপ্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দের প্রস্তাব রয়েছে। এদিকে মূলধন হিসাবে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৯২০ টাকা এবং ব্যয় ৩০ লাখ টাকা। ফলে বছর শেষে মূলধন হিসাবে ১ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৯২০ টাকা সমাপনী জের থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের মতে, ছাতক দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ পৌর এলাকা। সিমেন্ট, চুনাপাথর ও পাথরশিল্পকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হলেও সেই অনুপাতে পৌর অবকাঠামো ও নাগরিক সেবার উন্নয়ন দৃশ্যমান নয়। তাদের প্রশ্ন, যেখানে রাজস্ব আয় বাড়ানোর বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার কথা, সেখানে বাজেটের আকার কমে যাওয়া প্রশাসনের পরিকল্পনা ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতারই প্রতিফলন। উন্নয়ন তহবিলের অর্থ সময়মতো ছাড় এবং রাজস্ব আদায়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ঘোষিত বাজেটের বড় অংশই বাস্তবায়নে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

বাজেটের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, প্রশাসন রাজস্ব উদ্বৃত্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করলেও সামগ্রিক বাজেটের আকার কমে যাওয়ায় উন্নয়ন কার্যক্রমের পরিধি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের মতো খাতে নতুন উদ্যোগ গ্রহণে অর্থসংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তবে পৌর প্রশাসনের দাবি, অবাস্তব উচ্চাভিলাষী বাজেটের পরিবর্তে বাস্তব আয়-ব্যয়ের সক্ষমতা বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারি বরাদ্দ ও প্রকল্পভিত্তিক অর্থপ্রাপ্তি নিশ্চিত হলে নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সদস্য আরিফুর রহমান মানিক, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত আরেফিন, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যাপক হরিপদ দাস, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরতসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়