জান্তা-আরাকান আর্মি সংঘর্ষ : বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। গত কয়েকদিন ধরে ওপার থেকে ভেসে আসা মর্টারশেল ও শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী জনপদ। এতে টেকনাফের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, সাবরাং, শাহপরীরদ্বীপ, নাজিরপাড়া, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া ও হোয়াইকংসহ সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় দিন-রাত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা নোমান সৈয়দ জানান, বুধবার রাতে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধি জিয়াউর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা বিকট শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেক সময় এটি ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, নাফ নদীর ওপার থেকে থেমে থেমে ভেসে আসা বিস্ফোরণের শব্দে সীমান্তবর্তী বাসিন্দারা নতুন করে আতঙ্কে রয়েছেন। পরিস্থিতির ওপর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে।
গত বছরের ২৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টারশেল ও মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে উখিয়া-টেকনাফ সীমান্ত। দীর্ঘদিন বন্ধ থাকার পর আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যে আবার হামলা শুরু করেছে মিয়ানমার সরকার। একইদিন সকালে জান্তা সরকার রাখাইনে বুথে এলাকায় বিমান হামলা চালায়।
স্থানীয়রা জানান, প্রায় সাত মাস পর আবারও মিয়ানমারের দিক থেকে গোলাবর্ষণের শব্দ শুনলাম। মাত্র ১৫ মিনিটের মধ্যে চারবার বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। পরে বুঝতে পারি, সীমান্তের ওপার থেকেই বিস্ফোরণের শব্দ আসছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে বিস্ফোরণের শব্দ বাংলাদেশ সীমান্তেও শোনা যাচ্ছে। তবে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের গোলা বা মর্টারশেল এসে পড়ার ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।









































