শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২৪

শৈলকুপায় ১ হাজার সরকারি জমির গাছ কাটল দুর্বৃত্তরা

শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো ১ হাজার গাছ ও রক্ষণাবেক্ষণের বাঁশের খাঁচা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের সংবাদ

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো ১ হাজার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতের দিকে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালে এ ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন ওই খালের দুপাড়ে প্রায় ৩ হাজার ফলজ-বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে দুর্বৃত্তরা খালপাড়ের প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে।

ফুলহরি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু বকর বিশ্বাস জানান, কিছুদিন হলো ওই খালের পাড়ে গাছ লাগানো হয়েছে। স্থানীয়ভাবে তা দেখভাল করা হচ্ছে। কিন্তু স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে। আর খাঁচাগুলো খালের মধ্যে ফেলে দিয়েছে। তিনি এসবের বিচার দাবি করেন।

ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

ঝিনাইদহ পাউবোর নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সরকারের উন্নয়ন ও রাজস্ব খাতভুক্ত প্রকল্পের আওতায় ওই খালে ৩ হাজার গাছের চারা রোপণ করেন তারা। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা করবেন বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,শৈলকুপা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়