শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্যের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মী আলিমুর রহমান পিয়াসকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের ওয়াপদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলিমুর রহমান পিয়াস উপজেলার দেবতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
আহত আলমগীর দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, আলমগীর অরণ্যের ওপর হামলার ঘটনার অন্যতম আসামি পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ৩০ জুন বিকেলে উপজেলা শহরের কবিরপুর মোড়ে সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আলমগীর অরণ্যের স্ত্রী উম্মে কুলসুম বাদী হয়ে সিটি কলেজ ছাত্রলীগ শাখার সহসভাপতি মেহেদী ইসলামসহ তিন নেতাকর্মীর নাম উল্লেখ করে শৈলকুপা থানায় মামলা করেন।
পিডিএস/আরডি









































