রবিউল আলম ইভান, কুষ্টিয়া

  ০২ জুলাই, ২০২৪

কুষ্টিয়া

লালন মাজারের ফটকে দাঁড়ালেন সাধু সমাজ

ছবি: প্রতিদিনের সংবাদ

কোনো প্রকার চাপে নতিস্বীকার বা মধ্যস্ততায় স্বামীর কবরের সঙ্গে থাকা ভিটা ছাড়তে চান না লালন অনুসারী চায়না বেগম। তিনি বলেন, স্বামী গাজী ফকিরের কবরের পাশেই ঘর করে থাকবেন তিনি। চলবেন সাধু-গুরুদের নিয়েই। স্বামীর কবরে প্রতিদিন জ্বালাতে চান সন্ধ্যাবাতি।

মঙ্গলবার (২ জুলাই) কুষ্টিয়ার ছেঁউরিয়ায় লালন আঁখড়াবাড়ির সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন এসব কথা বলেন চায়না বেগম। গাজী ফকিরের ওয়াকফ করে দেওয়া জমিতে স্বামীর কবরের পাশে তৈরি চায়না বেগমের ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন করে সাধু সমাজ।

পরে কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে বাউল ভক্তদের নিয়ে স্মারকলিপি জমা দেন চায়না বেগম। সেখানেও স্বামীর কবরের পাশেই থাকার দাবি পুনর্ব্যক্ত করেন।

মানববন্ধনে চায়না বেগম বলেন, ‘আমি স্বামীর মাজারেই থাকব। ওই জায়গায় আমার ঘর করে দেওয়া লাগবে। আমার যেমন ঘর ছিল, তেমন ঘরই করে দেওয়া লাগবে। আমি অন্য জায়গায় থাকব না। আমি আমার স্বামীর কবরের পাশে ঘর বানিয়ে থাকব, প্রতিদিন সন্ধ্যাবাতি জ্বালাবো।’


  • স্বামীর কবরের পাশেই থাকতে চান চায়না বেগম
  • জেলা প্রশাসককে বাউল ভক্তদের স্মারকলিপি
  • হুমকির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী

এর আগে চলতি বছরের ২৬ জুন কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে চায়না বেগমের ঘর ভেঙে তাকে উচ্ছেদ করেন ওই এলাকার কিছু ব্যক্তি। এ বিষয়ে চায়না বেগম থানায় লিখিত অভিযোগ জানালে উভয়পক্ষকে নিয়ে বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে তাকে অন্য জায়গা ঘর করে দেওয়ার কথা বলা হয়। তবে সেই সিদ্ধান্ত মেনে নেননি চায়না বেগম। ওই বৈঠকে দেওয়া ঘর নির্মাণে কথাও রাখা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে চায়না বেগম বলেন, ‘অন্যের জমি ও কিছুটা সরকারি জামিতে আমাকে ঘর করে দিতে চাচ্ছে। কিন্তু কয়দিন পর ওই জায়গা থেকেও আমাকে লাথি দিয়ে বিদায় করে দেবে। আমি আমার স্বামীর মাজারে যেতে পারব না, সাধুসঙ্গ করতে পারব না। এ জন্যই আমি তাদের সিদ্ধান্ত মানতে পারছি না। আমার জায়গায়ই আমি থাকব।’

জমা দেন স্মারকলিপির বিষয়ে জেলা প্রশাসক এহেতেশাম রেজার সাংবাদিকদের বলেন, ‘চায়না বেগমের ভিটেমাটিতে বাড়ি করার ক্ষেত্রে আমার যতটুকু সহায়তা করার ক্ষমতা রয়েছে, আমি ততটুকু সহায়তা প্রদান করব।’ চায়না বেগমকে হুমকি দেওয়া বিষয়ে তিনি বলেন, ‘হুমকির বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা গ্রহণ করে, সে বিষয়ে আমরা আলোচনা করব।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,সাধু সমাজ,লালন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়