ভোলায় মুসলিম ঐক্য পরিষদের সমাবেশ স্থগিত

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও জনতার সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ‘মুসলিম ঐক্য পরিষদের’ ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল।কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছে না।
সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সংগঠনের নেতারা জানান, প্রতিবাদ সমাবেশ করতে না পারায় তারা সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি জানাবেন।
এদিকে, ভোলায় অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় বিজিবি, র্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে গতকাল রোববার তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পরে সেখানে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ৪ ব্যক্তি নিহত ও ১০ পুলিশসহ দেড় শতাধিক আহত হন।
আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, এ ঘটনার জেরে রোববার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে মুসলিম ঐক্য পরিষদের নেতারা সোমবার প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেন।
পিডিএসও/তাজ









































