reporterঅনলাইন ডেস্ক
  ১০ ঘণ্টা আগে

শিশুর মানবিক বিকাশে চাই সমন্বিত উদ্যোগ

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি নির্ভর করে তার পরবর্তী প্রজন্মের সঠিক মানসিক ও মেধাভিত্তিক বিকাশের ওপর। প্রত্যেক শিশুই অপার সম্ভাবনা নিয়ে জন্মায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের অতি-নিয়ন্ত্রণে অনেক শিশুর সুপ্ত প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। বস্তুত সেই তাগিদ থেকেই এবার প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মানুষ করার কারিগর আপনারা। তাই খেয়াল রাখতে হবে কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে। শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন আপনারা। দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এ মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। আর শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে গড়ে উঠবে মানবিক বাংলাদেশ।

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশ থেকে আসা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিশুদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়তে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারাই পারেন শিশুদের মধ্যে পারিবারিক, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে।’ বলা সংগত, একটি জাতি তার ভবিষ্যৎ নিয়ে কতটা ভাবছে, তা বোঝা যায় সে তার শিশুদের কীভাবে গড়ে তুলছে। ভবিষ্যৎ প্রজন্মকে কতটা সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ। আজ প্রধানমন্ত্রী যখন বলেন, ‘তোমাদেরই একদিন এই দেশের দায়িত্ব নিতে হবে, তোমরাই এই দেশের আসল ভবিষ্যৎ, তখন কোটি মা-বাবার চোখ আনন্দাশ্রুতে ভিজে ওঠে। শিশুদের প্রতি তার এই গভীর ভালোবাসা, পরম নির্ভরতা এবং সুদূরপ্রসারী পরিকল্পনা আজ এক নতুন, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশের প্রতিচ্ছবি।’ তার এই চমৎকার দর্শন একটি প্রজন্মকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সুদূরপ্রসারী রাষ্ট্রদর্শন; যা হয়ে উঠবে ঐতিহাসিক রূপকল্প। বর্তমান গণতান্ত্রিক সরকারপ্রধানের শিশুদের নিয়ে এমন ভাবনার গভীরতা আরো স্পষ্ট হয়, যখন শিশুদের মানসিক ও মেধার বিকাশের জন্য নেওয়া তার প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো আমরা দেখি। আজকের শিশু যেন শুধু মুখস্থ বিদ্যায় আটকে না থাকে, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে পারে; সে জন্য বর্তমান সরকার চালু করেছে জাতীয় পর্যায়ে সায়েন্স ফেয়ার, স্টার্ট-আপ ও উদ্ভাবনী আইডিয়া প্রোগ্রামের মতো সুবিশাল আয়োজন। শিশুদের ভেতরের খুদে বিজ্ঞানী, খুদে উদ্যোক্তা আর আগামী দিনের নেতৃত্বকে তিনি রাষ্ট্রীয়ভাবে ডানা মেলার আকাশ তৈরি করে দিয়েছেন।

বলা বাহুল্য, শিশুদের প্রতি এই মমত্ববোধ, সম্মান ও প্রবল বিশ্বাস দারুণভাবে বার্তা দেয় যে, তিনি আগামী প্রজন্মের এক দূরদর্শী পথপ্রদর্শক ও কাণ্ডারি। শহীদ জিয়ার দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃসুলভ আশীর্বাদ ও স্নেহকে পাথেয় করে, দেশনায়ক তারেক রহমানের গভীর মমত্ববোধকে পাথেয় করে এই শিশুদের হাত ধরেই একদিন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের প্রিয় বাংলাদেশ। প্রতিটি শিশুর চোখে ডানা মেলবে একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন। এটাই আমাদের প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়