৩ ঘণ্টা আগে
নুসরাত সুলতানা
এক টুকরো জমি

ভেবেছিলাম একটুকরো
জমি কিনব- তোমার বুকের বাম পাশে।
মূল্য পরিশোধ করব;
নোনাজল, অপেক্ষা
আর স্বপ্নজালে বোনা কিছু মুহূর্ত দিয়ে।
জমিটাতে ছোট্ট একটি দীঘি বানাব,
পাড়ে তালগাছে বাবুই পাখি বাসা বাঁধবে,
একপাশে জোনাকি পোকার চাষ করব,
আলো-আঁধারিতে আমি রূপকথার গল্প শুনব।
একপাশে থাকবে বাঁশের ঝার ,
নিশ্চুপ দুপুরে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনব
হঠাৎ দেখি তুমি সেখানে
তৈরি করেছো শিল্পনগরী।
সেখানে আছে উৎপাদন, যন্ত্র, ব্যস্ততা
আর আছে স্বপ্নহীনতা...
খাঁ খাঁ বিরান আমি
আমার কিছু নাই...
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































