তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তাড়াশে অনলাইন জুয়াড়ি আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে অনলাইন জুয়া খেলার অপরাধে মাসুদ রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসুদ রানা এলাকায় গোপনে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবক ও কিশোররা জুয়ায় আসক্ত হয়ে পড়ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। বুধবার রাতে আবারও জুয়া খেলার সময় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাসুদ রানাকে আটক করে। তাকে আটকের পর এলাকাবাসী গণপিটুনি দেয় এবং এরপর তাড়াশ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, অনলাইন জুয়া খেলার অভিযোগে এলাকাবাসী মাসুদ রানাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক এবং জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়