ঝালকাঠি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত-১ 

ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রম ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মীমাংসার কথা বলে ডেকে এনে শামসুল কারীর ওরফে তাপস তালুকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত সোমবার রাত ৮টায় উপজেলার নবগাম ইউনিয়নের পরমহল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত শামসুল কারীর ওরফে তাপস তালুকদার এ ঘটনায় পরদিন ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, পরমহল গ্রামের আউয়াল তালুকদারের ছেলে শামসুল কারীর ওরফে তাপস তালুকদারের সঙ্গে একই গ্রামের হারুন হাওলাদারের ছেলে মেহেদী হাসান ওরফে রাজিব হাওলাদার ও তার সহযোগীদের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধ মীমাংসার কথা বলে মেহেদী হাসান ওরফে রাজিব হাওলাদার ফোন করে তাপস তালুকদারকে ঘটনাস্থলে ডেকে নেন। রাত ৮টার দিকে তিনি পরমহল গ্রামের দিঘির পার এলাকায় পৌঁছালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১০/১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা শামসুল কারীর ওরফে তাপস তালুকদারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এজাহারে অভিযুক্ত হিসেবে মেহেদী হাসান ওরফে রাজিব হাওলাদার (৪৫), সোহেল শিকদার (৪৫), সোহাগ শিকদার (৫০), রেজাউল বেপারী (৫৫), খোকা সিকদার (৩৫), মিজান খান (৪০), আনিচুর রহমান পান্নু (৪৮) সহ অজ্ঞাত আরও অনেকের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলার ঘটনা এবং পরবর্তী বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়