২৬ জুন, ২০২৬
মুজাহীদুল ইসলাম নাজিম
ফিরে এসো স্বার্থহীন কুসুম

লাল মাটির পাঁজরে বোনা স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেলে
এক পৃথিবী কান্নায় ভাঙে আকাশের মন-রাতের ঘুম।
একজোড়া পায়েলের নিক্কণ কানে এলে
হুল্লোড়ে মাতে হলুদ বেগুনি রোদ
মেঘের হাত ধরেও ফিরে আসে রুপালি ভোর।
পঞ্জিকার মন খারাপের দিনে, সময়ের অসুখ তবুও
কিছু সময় খেলা করে কাদামাটি রং-তামাশায়
আবার আঘাত করে খুব নীরবে বুকের গহিনে।
ধৈর্যের স্বল্পতায় অযত্নে মরে গেলে প্রতিশ্রুতি কেবল
দূরত্ব বাড়ে, বাড়ে মায়ার আকাল
হারিয়ে যায় ফিরে আসার পথ- গোধূলি সময়।
স্বার্থহীন কুসুম, সন্ধ্যার আগেই ফিরে এসো।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































