২৬ জুন, ২০২৬
ফারজানা নাজ শম্পা
বর্ণিল অন্বেষণ

হলুদ ভোরের স্নিগ্ধ, হিরন্ময় আলোয়
সবুজ প্রশ্নরা জাগে সিক্ত ঘাসের ডগায়;
নীল আকাশের ওই বৈদূর্য আস্তরণে
ধূসর উত্তর খোঁজে ব্যাকুল পিপাসায়।
সেই জিজ্ঞাসা ভেদে ধূসর কুয়াশা-জাল,
বুকের গহিনে জাগে রক্তিম মহাকাল।
কমলা রোদ যখন আগুনের শিখায় হাসে,
মানবতার জয়গান জাগে মৃদু বাতাসে।
বেগুনি মেঘের ছায়ায় প্রকৃতির রূপভেদ,
শুভ্র প্রেমের ছোঁয়ায় মোছে মানস-বিভেদ।
মহাকাশের সুদূর, নিবিড় কৃষ্ণ গহ্বরে,
গ্রহ-তারাদের মেলা শাশ্বত নিয়মে ঘোরে।
ধূলিপটে জমা যত আজন্মের আকুলতা,
ছায়াপথে খোঁজে তার আদিম নীরবতা;
অবশেষে সব রূপ, আলো, চেনা সীমানা
হারিয়ে যায় অজানায়, হয় অচেনা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































