২৬ জুন, ২০২৬
রেজাউদ্দিন স্টালিন
বৃষ্টির মানসাংক

ধরো আমি বাতাস
অবলীলায় ঢুকে যাই তোমার
নীরবতায়
নিশ্বাসে ঢুকি তোমার হৃদয়ে
প্রশ্বাসে বেরিয়ে আসি
সারাক্ষণ বসবাস তোমার সাথে
জাগরণ কিম্বা ঘুমে
চেতনে অবচেতনে
যদি সাগরের ঢেউ আমি
আছড়ে পড়ি তোমার শরীরে
বৃষ্টি? ভাবতে পারো
তুমি ভিজবে না বলে ছুটে পালাও
তবুও আমার আকাঙ্ক্ষায় ভিজে যাও তুমি
তুমি দাঁড়াও বারান্দায়
এলো চুল তোমার দক্ষিণ সমুদ্রের রহস্য
তোমার মুখ ভিজিয়ে দিই আমি
প্রতীক্ষার ছটায়
মুগ্ধতা লুকানো অসীম তোমার মুখ
আমি নুয়ে থাকি স্বপ্নের ভারে
এই বাতাস সমুদ্র উন্মাতাল বৃষ্টি
ভালোবাসি আমি
আর ভালোবাসি তোমার দেহের
দ্রাঘিমায় যত উপত্যকা
আর ভালোবাসি তোমাকে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































