ইবি প্রতিনিধি
ইবিতে বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে আখতার
গণরায় না মানলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘রাষ্ট্রকাঠামো সংস্কার এখন শুধু আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি জনগণের চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়েছে। গণভোটে দেশের সিংহভাগ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু বিএনপি সরকার গঠন করার প্রথম দিন থেকেই গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের শপথ না নিয়ে প্রচলিত সংশোধনের পথ বেছে নিয়েছে। প্রচলিত পদ্ধতিতে সংবিধান সংশোধন করে কাঠামোগত পরিবর্তন টেকসই করা সম্ভব নয়। একটি স্থায়ী ও টেকসই পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন অপরিহার্য। গণরায় না মানলে দেশ ভবিষ্যতে নতুন সাংবিধানিক সংকটের মুখে পড়বে।’
গতকাল রবিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বিএনপি, জামায়াত ও ছাত্র-জনতাসহ সকল শক্তির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা এখনও বিদ্যমান। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রশ্নে যারা বিপক্ষে অবস্থান নেবে আমরা জনগণের স্বার্থেই তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। দেশের স্বার্থে জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে যেকোনো আপসকামিতার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আখতার বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদে থাকার নৈতিক ও রাজনৈতিক কোনো বৈধতা ছিল না। তিনি শুধু ফ্যাসিবাদের একজন আইকনই নন, বরং জুলাই গণহত্যার সময় কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে কোনো পদক্ষেপ না নিয়ে শেখ হাসিনার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এছাড়া ব্যাংক দখল ও অর্থপাচারের মতো অপরাধের অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। পদত্যাগের বিষয়েও তিনি জাতির সাথে অসত্য আচরণ করেছেন।’ তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। অতীতে এরশাদের ক্ষেত্রেও পদত্যাগের পরই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। অনতিবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে এবং রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে তাঁর সমস্ত অপকর্ম ও গণহত্যার সহযোগিতার তদন্ত করে তাঁকে বিচারের মুখোমুখি করতে হবে।’
সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। শাখা সদস্য সচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা আহ্বায়ক ফুয়াদ হাসান
"






































