বগুড়া প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০২৬

মেধাবী শিক্ষার্থীর পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী

আর্থিক সংকটে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথ রুদ্ধ হবে না। সেই দৃঢ়তা থেকেই আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন তিনি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের অটোরিকশাচালক সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে যায় মেধাবী এই শিক্ষার্থী।

বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে নীরবের খোঁজখবর নেন এবং তাকে সাক্ষাতের জন্য ডাকেন। গতকাল শনিবার দুপুরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ ইউএনওর কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের আর্থিক সহায়তা তুলে দেন। ভবিষ্যতে তার পড়াশোনার যাবতীয় খরচ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরব প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের পথকে সহজ করে দিয়েছে এবং ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান। সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিম রেজা, তিনি বলেন, অটোরিকশা চালিয়ে কোনোমতে জীবন চলে, ছেলের ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আমাদের এলাকার এমপি ও প্রতিমন্ত্রী মহোদয় আমাকে ডেকে ছেলের ভর্তির ব্যবস্থা করে দিলেন। আমি প্রতিমন্ত্রীর জন্য দোয়া করি।

মহাস্থান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তাহেরুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মন্ত্রী হওয়ার আগে থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়